দক্ষিণ পূর্ব

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০, একই পরিবারের ৮ জন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৮:২৯ সকাল
পঠিত : ৩২
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০, একই পরিবারের ৮ জন

ছবি

Degchibarictg

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত অন্তত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় প্রাণহানির পাশাপাশি রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রিসোর্টটির ইনচার্জ মো. সুমন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করা হয়। তবে রিসোর্টের এসি ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্টটি কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি। এর একাংশে ইটের দেয়াল ছিল। রিসোর্টটিতে মোট কক্ষ ছিল নয়টি।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, আগের রাতে রিসোর্টটিতে প্রায় ২০ জন অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন চেকআউট করে চলে যাওয়ায় ঘটনার সময় সেখানে প্রায় ১৮ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত সংখ্যা ও তাঁদের পরিচয় নিশ্চিত করতে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। উদ্ধারকাজ ও পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।