দক্ষিণ পূর্ব

কক্সবাজারে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ মে ২০২৬
পঠিত :
কক্সবাজারে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) রাতে হাসপাতালের হাম ইউনিটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ৪২ দিনে জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

 

মারা যাওয়া দুই শিশু হলো—চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার রকিবুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে আবু রাফসান এবং কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার মো. ফারুকের ৫ মাস বয়সী ছেলে মিফতাহুল।

 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের হাম ইউনিটে নতুন করে আরও ৫২ শিশু ভর্তি হয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে রোববার (১১ মে) পর্যন্ত জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২৭ শিশু। এর মধ্যে ৪২৪ শিশুর নমুনা পরীক্ষার পর ১১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৪৪ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮০ জন, চকরিয়ায় ১৮, পেকুয়ায় ৫, উখিয়ায় ১০, টেকনাফে ১০, মহেশখালীতে ১৫, রামুতে ৫ এবং কুতুবদিয়ায় ১ শিশু ভর্তি রয়েছে।

 

এ পর্যন্ত মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় ২ জন করে, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও চকরিয়ায় ১ জন করে এবং একজন রোহিঙ্গা শিশু রয়েছে।

 

জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা মহিউদ্দিন মো. আলমগীর বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সংক্রমণ ঠেকাতে জেলার ৯টি উপজেলায় ইতোমধ্যে চার লাখের বেশি শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

 

 

আরএইচ

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।