দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় মিলেছে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ মে ২০২৬
পঠিত :
কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় মিলেছে

ছবি দক্ষিণপূর্ব

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। 

 

নিহতরা হলেন— কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬), পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১)।

 

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন।

 

আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত সজিব হোসেন বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের এক পাশে পড়ে আছে চার চাকার লেগুনাটি। এর সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। স্থানীয় লোকজন আহতদের লেগুনার ভেতর থেকে বের করে আনছেন।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, পটিয়াগামী একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১১-০১১৬) উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনা (চট্টগ্রাম-ছ-১১-০১১৫)-কে সজোরে ধাক্কা দেয় বাসটি। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের চমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব হোসেন মারা যান।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।