দক্ষিণপূর্ব ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আজিজ মিয়ার বিরুদ্ধে।
বুধবার (৩০ জুলাই) ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম কুলসুমা বেগম (৪০)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা ও দিনমজুর আজিজ মিয়ার স্ত্রী। পেশায় নির্মাণ শ্রমিক আজিজ মিয়া পরিবার নিয়ে দুই বছর ধরে খোয়াজনগরের নুরুল আবছারের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে কুলসুমাকে বেধড়ক মারধর করেন। পরে রুমে থাকা মরিচ বাটার শিল দিয়ে আঘাত করলে কুলসুমা গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত আজিজ মিয়া পালিয়ে যান। ঘটনার বিষয়ে খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, স্ত্রীর মৃত্যুর খবর শুনেছি। স্বামীর সঙ্গে কলহের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে জেনেছি, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।