টানা ভারি বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (১৮ জুলাই) থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট আংশিক খুলে পানি নিষ্কাশন করা হবে।
পিডিবি কাপ্তাই কর্তৃপক্ষ এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল)। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (এমএসএল)।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিনের টানা ভারি বৃষ্টিপাতের কারণে হ্রদে পানির প্রবাহ বেড়েছে এবং পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।
এর মাধ্যমে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।
পিডিবি আরও জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া ও পানির প্রবাহের পরিবর্তনের ওপর নির্ভর করে স্পিলওয়ের গেট খোলার সময়সূচি পরিবর্তন করা হতে পারে।
এ ছাড়া উজান থেকে পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেট আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।