দক্ষিণ পূর্ব

‘কার পার্টস’ ঘোষণায় বিলাসবহুল গাড়ি, রহমতগঞ্জে জব্দ বিএমডব্লিউ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
পঠিত : ৫০
‘কার পার্টস’ ঘোষণায় বিলাসবহুল গাড়ি, রহমতগঞ্জে জব্দ বিএমডব্লিউ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

মোংলা বন্দর দিয়ে ‘ইউজড কার পার্টস’ ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির অভিযোগের তদন্তের মধ্যে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে।


কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, মোংলা বন্দর দিয়ে ‘ইউজড কার পার্টস’ হিসেবে ঘোষণা দিয়ে মূলত সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি তিন থেকে চারটি বড় অংশে কেটে সেমি নকড ডাউন (এসকেডি) অবস্থায় আমদানির একটি কৌশল সম্প্রতি শনাক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাওয়া তথ্যের ভিত্তিতে রহমতগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।


জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিল (বিটিআই ভবন) এলাকার একটি পার্কিং থেকে চট্টমেট্রো-গ-১১-৩৬৫১ নম্বরের বিএমডব্লিউ গাড়িটি জব্দ করা হয়।


অভিযানের সময় গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তাঁর স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখতে চান কাস্টমস কর্মকর্তারা। তবে তিনি কোনো প্রয়োজনীয় দলিল দেখাতে পারেননি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।


পরে কাস্টমস গোয়েন্দা ও র‍্যাবের কর্মকর্তারা গাড়িটির চাবি চাইলে সেটিও দিতে অস্বীকৃতি জানানো হয়। আমদানি বা ক্রয়সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকা এবং গাড়ির চাবি না দেওয়ার পরিপ্রেক্ষিতে অভিযানকারী দল গাড়িটি জব্দ করে।

dokkhinpurbo-com.c156d2856f892e27fa08d03c4b4c9d98.webp?v=1787906802

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা এবং ভিন্ন পদ্ধতিতে চোরাচালানের মাধ্যমে গাড়িটি দেশে আনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।


তিনি বলেন, গাড়িটি কীভাবে দেশে আনা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত এবং আমদানিতে কোনো ধরনের জালিয়াতি হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত অনুসন্ধান চলছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, তদন্ত শেষে গাড়িটির আমদানি প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।