দক্ষিণ পূর্ব

'কুমকুম ভাগ্য’খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ জুন ২০২৬
পঠিত :
'কুমকুম ভাগ্য’খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রী সঞ্চিতা উগলে আর নেই। মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসা থেকে ২২ বছর বয়সী এই তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, রোববার সন্ধ্যায় নালাসোপারার পূর্বাঞ্চলের আচোলে গ্রামে পারিবারিক বাসভবনে এ ঘটনা ঘটে। সঞ্চিতা বাবা-মা ও বোনের সঙ্গে বসবাস করলেও ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন।

 

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস নেন তিনি। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় তুলিঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (এডিআর) নথিভুক্ত করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে সঞ্চিতার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর মাত্র ১৯ ঘণ্টা আগে তিনি একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে তাকে স্বাভাবিক, হাসিখুশি ও প্রাণবন্ত দেখা যায়। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ম্যায় নাচু, তু নাচা’।

 

ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৯ হাজার। ভক্তদের অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিতে কোনো ধরনের মানসিক অস্থিরতার ইঙ্গিত ছিল না। তাই তার আকস্মিক মৃত্যুতে বিস্মিত হয়েছেন সহকর্মী ও অনুরাগীরা।

 

ছোট পর্দার পরিচিত মুখ সঞ্চিতা অভিনয় করেছেন ‘সাজন ঘর’, ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। বিশেষ করে ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালের ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান তিনি। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ছাভা’ চলচ্চিত্রে ‘তারাবাই’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন বলিউড তারকা ভিকি কৌশল।

 

উল্লেখযোগ্যভাবে, সঞ্চিতার মৃত্যুর খবর সামনে আসে এমন এক সময়ে, যখন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্তি ঘিরে আলোচনা চলছিল। তবে দুটি ঘটনার মধ্যে কোনো ধরনের সম্পর্কের তথ্য পাওয়া যায়নি।

 

অভিনয়জগতে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলা এই তরুণ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এখন তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পরিবার, সহকর্মী ও ভক্তরা।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।