দক্ষিণ পূর্ব

কূপে পড়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুন ২০২৬
পঠিত :
কূপে পড়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অক্সিজেনশূন্য কূপে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।

 

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— টেলকি এলাকার বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

 

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার ম্রং। বেশ কিছু সময় পার হলেও সে আর ওপরে না উঠলে তাকে উদ্ধার করতে কূপে নামেন তার বাবা বাবুল হাদিমা।

 

এরপর একে একে গ্যাব্রিয়েল ও রতন নকরেকও কূপে নামেন। কিন্তু তাদের কেউই আর সাড়া দেননি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে সকাল ৯টার দিকে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর অক্সিজেনশূন্য কূপে একজন ফায়ার ফাইটারকে নামানো হয়। পরে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি মরদেহ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।