দক্ষিণ পূর্ব

কেবল নিজের পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করুন: ডিসি জাহিদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ জুন ২০২৬
পঠিত :
কেবল নিজের পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করুন: ডিসি জাহিদ

ছবি

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ব্যক্তিগত জীবনমানের উন্নয়নই চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; বরং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখাই একজন দায়িত্বশীল নাগরিক ও সরকারি কর্মকর্তার প্রধান কর্তব্য। তিনি বলেন, চাকরি জীবনে কে কত সুবিধা পেয়েছেন বা নিজের জীবনে কত পরিবর্তন এনেছেন, তার চেয়ে বড় বিষয় হলো রাষ্ট্র ও সমাজকে কী দিতে পেরেছেন।

 

রোববার (২১ জুন) চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

জেলা প্রশাসক বলেন, “আমরা সবাই একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র চাই। কিন্তু নিজের পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় আমরা অনাগ্রহী থাকি। অন্যের পরিবর্তন প্রত্যাশা করলেও নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই না। এ সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে।”

 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, শেখা একটি চলমান প্রক্রিয়া। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে না পারলে তার কোনো মূল্য থাকে না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা ও সেবার মানদণ্ডও বদলে যাচ্ছে। তাই সরকারি সেবাকে সময়োপযোগী ও জনবান্ধব করতে হবে।

 

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমি চাকরি জীবনে কী পেলাম, আমার জীবনের কত উন্নতি হলো কিংবা আমার সন্তান কোথায় পড়াশোনা করল—এসবের চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি রাষ্ট্রকে কী দিলাম। জনগণের করের অর্থে বেতন নিয়ে, রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে আমরা সমাজের জন্য কতটুকু অবদান রাখতে পেরেছি, সেটি আমাদের বিবেচনায় রাখা উচিত।”

 

তিনি আরও বলেন, সরকারি চাকরি কেবল একটি পদ নয়; এটি জনগণের প্রতি একটি অঙ্গীকার। তাই সেবাগ্রহীতারা যেন সরকারি দপ্তরে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

 

সেবাদানের মানসিকতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “আজ আপনি যে চেয়ারে বসে সেবা দিচ্ছেন, খুব বেশি দিন পর আপনাকেও সেবাগ্রহীতার আসনে বসতে হবে। তখন আপনি কেমন আচরণ প্রত্যাশা করবেন, সেটি মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।”

 

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সরকারি অফিস থেকে সন্তুষ্টি নিয়ে বের হওয়া মানুষের সংখ্যা এখনও খুব বেশি নয়। মানুষের এই অসন্তোষ দূর করতে সেবার মান উন্নয়নের পাশাপাশি দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা বাড়াতে হবে।

 

কর্মজীবনের সার্থকতা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ পৃথিবীতে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। তাই কর্মজীবন শেষে যেন আফসোস না থাকে যে আরও ভালো কিছু করা যেত। সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক অবদান রেখে যাওয়ার মধ্যেই একজন মানুষের প্রকৃত সার্থকতা নিহিত।”

 

তিনি বলেন, কোনো প্রশিক্ষণ, নির্দেশনা বা আইন এককভাবে পরিবর্তন আনতে পারে না। পরিবর্তন তখনই আসে, যখন মানুষ নিজের ভেতরে দায়িত্ববোধ, নৈতিকতা, মানবিকতা ও বিবেককে ধারণ করে।

 

একটি মানবিক, নিরাপদ ও সেবামুখী সমাজ গঠনে ইউনিয়ন পরিষদ পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার মধ্য দিয়েই রাষ্ট্রের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে সূচনা বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম। এছাড়া ডিআরটি প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী।

 

২১ থেকে ২৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, নিরীক্ষা পদ্ধতি, পিপিআর, পিপিএ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।