দক্ষিণ পূর্ব

কোতোয়ালীতে প্রাইভেটকারে মিলল ১১৮ বোতল বিদেশি মদ, যুবক আটক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
পঠিত : ৩৪
কোতোয়ালীতে প্রাইভেটকারে মিলল ১১৮ বোতল বিদেশি মদ, যুবক আটক

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান নিয়ে যাওয়ার সময় মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালি থানার মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদককারবারি ফেনী থেকে প্রাইভেটকারে করে বিদেশি মদের একটি চালান চট্টগ্রাম নগরীতে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল।

একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি থামিয়ে আরিফুল ইসলাম ভূঞাকে আটক করেন। এ সময় গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারের ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটক আরিফুল ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মদ চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।