নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জেল রোড়ে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক ভবঘুরে যুবক। এ ঘটনায় গণপিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আটক ছিনতাইকারীর নাম মোহাম্মদ শাহেদ। তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে ধরতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাঘাত করে চলে যায় ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।এরপর ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে এবং চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, সঠিক সময়ে তাকে হাসপাতালে নেওয়া গেলে ওই যুবককে বাঁচানো যেতো। ডাক্তারও একই কথা বলেছিলেন। সবাই ছিনতাইকারীর পেছনে ছুটতে গিয়ে যুবককে হাসপাতালে নিতে দেরি হয়ে যায়।
কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি জনগণের হাতে ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। প্রাথমিকভাবে তাকে ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছি। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। আটক যুবক পেশাদার ছিনতাইকারী বলেও জানান তিনি। তবে তিনি নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তাকে কি ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়েছে, নাকি দুজনের মধ্যে অন্য কোনো বিষয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।