দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রাম-এর খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ টিম।
অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রং দেওয়া মুগডাল বিক্রি করায় মেসার্স হাজি স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এআরএলটি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সাত প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।