নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলনায়তনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হেফাজত আমির বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন। বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও সহধর্মিনী। শহীদ জিয়া আলেম-ওলামাকে ভালবাসতেন। স্বামীর আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়া আপসহীনভাবে লড়াই করে গেছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন। নানা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার সুদীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম দেশপ্রেমিক জনগণের জন্য অনুপ্রেরণা।
এ সময় চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তার সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।