দক্ষিণ পূর্ব

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রস্তুত সরকার

মনির ফয়সাল
প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫
পঠিত :
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রস্তুত সরকার
দক্ষিণপূর্ব ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত এবং দলের মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাসের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি। তিনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে এখনও তিনি চাননি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। 

এর আগে, মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন। আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারও কথা প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।  

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতা ও দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’ এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এ জন্য আমাদের সব প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই আমরা তাকে বিদেশে নিয়ে যাব। 

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।