দক্ষিণ পূর্ব

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণ

shakhawat sohan
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫
পঠিত :
খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের অধিকার রক্ষায় বারবার জেল খেটেছেন বেগম খালেদা জিয়া, কিন্তু কখনো আপোষ করেননি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আপোষহীন সংগ্রামের কারণেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক টালমাটাল সময়ে খালেদা জিয়া সাহসের সাথে জনগণকে নেতৃত্ব দিয়েছেন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক এগারোর সময় পর্যন্ত তিনি আপোষহীন ভূমিকা রেখেছেন। এজন্যই দেশি-বিদেশি ষড়যন্ত্র সত্ত্বেও তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়নি।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। সঞ্চালনা করেন আবু বক্কর শিকদার ও ইয়াকুব আলী সিফাত।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

এছাড়া মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী বক্তব্য রাখেন এবং খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।