দক্ষিণ পূর্ব

‘গত ছয় মাসে সব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত : ৩৩
‘গত ছয় মাসে সব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে’

সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাসে দেশে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়নি-এমন নির্দিষ্ট উদাহরণ বিরোধীদলীয় সংসদ সদস্যদের দিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন কি না।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ—এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’ তিনি আরও বলেন, সংসদে তথ্যভিত্তিক ও নির্দিষ্টভাবে কথা বলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। কোনো নির্দিষ্ট ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি—এমন অভিযোগ থাকলে সেটির উদাহরণ দিতে হবে।

তিনি বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ থাকলে সংসদে নোটিশ দেওয়া যেতে পারে। তখন ওই বিষয় নিয়ে আলোচনা ও বিতর্কের সুযোগ রয়েছে।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উল্লেখ করা বিভিন্ন হত্যা ও আহতের পরিসংখ্যানের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব তথ্য কোন পরিসংখ্যানের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তাঁর জানা নেই।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।