দক্ষিণ পূর্ব

চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
পঠিত : ২৭
চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা আসল নোট ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—ফটিকছড়ির দক্ষিণকুল এলাকার মো. পারভেজ (২৯) এবং আনোয়ারার খুরুস্কুল এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।
পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে চকবাজার থানার কেয়ারী ইলিশিয়াম মার্কেটের সামনে এক ব্যক্তিকে জাল টাকাসহ স্থানীয় লোকজন আটক করে রাখার খবর পায় পুলিশ। পরে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এসআই মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পারভেজকে হেফাজতে নেয়।পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১১টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১১ হাজার টাকা। 
জিজ্ঞাসাবাদে পারভেজ পুলিশকে জানায়, তার সহযোগী আলমগীর হোসেনও জাল নোটের কারবারে জড়িত। তারা জাল টাকা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নোটগুলো নিজেদের হেফাজতে রেখে ওই এলাকায় অবস্থান করছিল।পরে পারভেজকে সঙ্গে নিয়ে চকবাজার থানাধীন কলেজ রোডের গুলজার মোড়ের দক্ষিণ পাশে বেক অ্যান্ড ফাস্ট দোকানের সামনে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলমগীরের দেহ তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ২৩টি আসল নোট, যার মোট মূল্য ২ হাজার ৩০০ টাকা, এবং একটি অপ্পো মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান,  দুই আসামির কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট, ২ হাজার ৩০০ টাকা আসল নোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জাল হিসেবে জানা সত্ত্বেও অবৈধভাবে এসব নোট সংগ্রহ করে বিক্রি বা ক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।