দক্ষিণ পূর্ব

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ জুন ২০২৬
পঠিত :
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ২

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক ও এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে চকরিয়া সার্ভিস বাসের চালক আলমের (বাড়ি টেকনাফ) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর নিহত আট মাস বয়সী এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রিন পরিবহনের একটি এসি বাস খুটাখালীর মেদাকচ্ছপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিসের একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লোকাল বাসটির ছাদের একটি অংশ ছিটকে দূরে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়।

 

মালুমঘাট হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ডুলাহাজারার উত্তরপাড়ার আয়েশ নূর (১ বছর ৪ মাস) এবং আলীকদম বেগম (৩০) নামে এক নারীসহ কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত পাঁচজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

 

দুর্ঘটনায় আহত এভারগ্রিন পরিবহনের যাত্রী মোহাম্মদ সাঈদ জানান, তিনি অসুস্থ মা নূর আইসাকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে হৃদরোগের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তার সঙ্গে বোন ফারজানা ও মামা ফয়েজ আহমদও ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই আহত হয়েছেন।

 

অন্যদিকে, এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে চকরিয়ার কোরক বিদ্যাপীঠ স্কুল থেকে বাবা ফরিদুল আলমের সঙ্গে কক্সবাজারগামী বাসে উঠেছিলেন জান্নাতুল মাওয়া। দুর্ঘটনায় বাবা-মেয়ে দুজনই আহত হন। জান্নাতুল মাওয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার বাবার হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। তারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।