দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ইলিশ ঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলেদের বিক্ষোভ

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬
পঠিত :
চট্টগ্রামে ইলিশ ঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলেদের বিক্ষোভ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরে খাস কালেকশন ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলে ও ব্যবসায়ীরা। 

বুধবার সকালে নগরের রানী রাসমনি জেলে ইলিশ ঘাটে  অবৈধ অর্থ আদায় বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়কে মাছ, বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে প্রতীকী প্রতিবাদ জানান তারা।
 

রানী রাসমনি জেলে ইলিশ ঘাটের সর্বস্তরের জেলে, ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য ও সেবার ওপর ‘খাস কালেকশন’ নামে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে জেলে, শ্রমিক, মাঝি, মাছ ব্যবসায়ী এবং ক্ষুদ্র বিক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তাদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ মৎস্যঘাটগুলোর অন্যতম এই ঘাটে প্রতিদিন মাছ নিয়ে আসা জেলেদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হয়। এতে অনেকেই লোকসানের শিকার হচ্ছেন এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে।

মানববন্ধনে রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, “এই ঘাটের আশপাশে আরও কয়েকটি ঘাট রয়েছে। সেখানে কোথাও খাস কালেকশনের নামে অর্থ আদায় করা হয় না। শুধু রানী রাসমনি ঘাটে এ ধরনের চাঁদাবাজি চলছে। আমরা এর অবসান চাই।”

ঘাটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন বলেন, “আমি ১৯৯৫ সাল থেকে এই ঘাটে ব্যবসা করছি। আমাদের পূর্বসূরিদের কাছ থেকেও কখনো শুনিনি যে এখানে খাজনা বা খাস কালেকশন দিতে হয়। অথচ এখন মাছ, বরফ, পানি, গ্যাস সিলিন্ডার এমনকি ছোটখাটো দোকান থেকেও টাকা দাবি করা হচ্ছে। এটি অযৌক্তিক ও অন্যায়।”

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।