দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে চলছে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ, খসড়া প্রকাশ ১০ আগস্ট

Jalal Rumi
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
পঠিত :
চট্টগ্রামে চলছে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ, খসড়া প্রকাশ ১০ আগস্ট

সংগৃহীত

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সীমানা নির্ধারণের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের।

 

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ চলছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং পরে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে ১৮ আগস্ট পর্যন্ত। এরপর আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

 

মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে আগের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে তালিকা প্রস্তুত করছেন। যাচাই-বাছাই শেষে তালিকা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে কমিশনে প্রেরণ করা হবে।

 

তিনি জানান, আগের ভোটকেন্দ্রগুলোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন ভোটকেন্দ্রও অন্তর্ভুক্ত করা হবে। কোনো কেন্দ্রের ভবন ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে সেখানে নতুন ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই ও শুনানি শেষে খসড়া তালিকা চূড়ান্ত করা হবে।

 

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ১৫টি উপজেলা, ১৯৪টি ইউনিয়ন পরিষদ এবং ১৫টি পৌরসভা রয়েছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।