চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চট্টগ্রাম শাখায় চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ অত্যাধুনিক ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন ৩ টেসলা এমআরআই মেশিন।
বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই এমআরআই সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের ফলে নানা জটিল ও নতুন ধরনের রোগের ঝুঁকি বাড়ছে। এসব রোগের কার্যকর চিকিৎসার জন্য দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সরঞ্জাম রোগ শনাক্তকরণকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলছে।
তিনি বলেন, রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসকেরা যথাযথ চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। নতুন থ্রি টেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। তাই এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। অত্যাধুনিক এমআরআই প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পপুলার ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি জানান, নতুন এই ৩ টেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে করা যাবে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই সেবা চট্টগ্রামের রোগীদের দ্রুত ও মানসম্পন্ন রোগ নির্ণয়ে সহায়তা করবে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আরও উন্নত চিকিৎসা প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।