চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার শেখ শরীফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। রাত ১২টা ২০ মিনিটের দিকে দলটি জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদক নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়।
পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে আটক করা হয়। চালক রুহুল আমিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো জায়গা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সোহরাব আলী এবং মায়ের নাম আছিয়া বেগম।
অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, অপরাধীরা তাদের কৌশল পাল্টাচ্ছে। আসামিকে দেখেও বোঝা যাবে না, তিনি এ কাজে জড়িত। অপরাধীরা যতই কৌশলী হোক, পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।