ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নগরীর ডিসি হিল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুবাহী মশার বিস্তার অনেকটাই কমানো সম্ভব। এতে নগরবাসী উপকৃত হবে। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। এ লক্ষ্যেই সরকার মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে মাসজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে সচেতন করা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিষ্কার রাখা। চট্টগ্রামের যেসব এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি, সেগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।”
বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পর প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজ-এ ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।