দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
পঠিত : ২০
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

ছবি নিহত তামিম ও আব্দুল খালেক

হাটহাজারী ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে হাটহাজারীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী এবং মিরসরাইয়ে বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হন।

 

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় মো. তামিম (২৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হন। তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, তামিম নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর পাড় এলাকায় দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তামিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান জানান, রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

 

অন্যদিকে, রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে মিরসরাইয়ের বড়দারোগারহাট বাজারের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন।

 

নিহত আব্দুল খালেক মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফেরার সময় বড়দারোগারহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।