দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরে চিন্ময় মুক্তির দাবিতে বিক্ষোভের পরিকল্পনা ইসকনের!

saiful
saiful
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৩:২০ রাত
পঠিত : ৩০
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরে চিন্ময় মুক্তির দাবিতে বিক্ষোভের পরিকল্পনা ইসকনের!
Degchibarictg

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে কারাবন্দী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ এলাকায় প্রধানমন্ত্রীর সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছেন ইসকনের একাংশের অনুসারীরা। তবে এ কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি ও অংশগ্রহণকারীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শত শত অনুসারীকে জড়ো করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সফরস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি চাপ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি চন্দন কুমার ধর নামেও পরিচিত, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। ২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনায় একই বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন তৎকালীন বিএনপির চাঁন্দগাঁও মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান। মামলায় চিন্ময়কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ছয় মামলায় আসামি, জামিন পেয়েছেন চারটিতে

চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসহ ছয়টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হয়। এরপর তাঁর অনুসারীদের বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন আদালত এলাকার কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে ওই মামলাতেও চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৬ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ছয়টি মামলার মধ্যে চারটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের আদেশ স্থগিত রয়েছে। অন্যদিকে, আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার চলমান থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে জে এম সেন হলসহ আশপাশের এলাকায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সফরের আগে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পরিদর্শনস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।