দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আসছেন আজ , নিরাপত্তা জোরদার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৩:৩৩ রাত
পঠিত : ৪৮
চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আসছেন আজ , নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

Degchibarictg

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় নগরের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আর্থিক অনুদান বিতরণ করবেন।

স্বাধীনতার পর এই প্রথম কোনো ক্ষমতাসীন সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ও দুপুরে তিনি যথাক্রমে রংপুর ও রাজশাহী বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করেন। চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সার্কিট হাউজে স্বল্প সময়ের যাত্রাবিরতি এবং পরে রেডিসন ব্লু হোটেলে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, আজ সকাল ১০টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সংগঠনটির সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই শীর্ষ রাজনৈতিক নেতার সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে জে এম সেন হল পূজামণ্ডপ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা জিইসি কনভেনশন সেন্টারে একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। উভয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালো হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।