নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৯ লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যানুযায়ী, গত বছর এই সংখ্যা ছিল ৮ লাখ ১৮ হাজার ৪৬৮টি। তবে গত বারের চেয়ে প্রায় ৩৫ হাজার পশু ঘাটতি রয়েছে । এ ঘাটতি পূরণে পার্বত্য জেলা ছাড়াও কুষ্টিয়া, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের জরিপ অনুযায়ী, এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তিন লাখ ৬৫ হাজার ষাঁড়, ১ লাখ ২১ হাজার ৬৭০টি বলদ, ৪৯ হাজার ১১৪টি গাভি এবং ৬৪ হাজার ১৬৩টি মহিষ। এ ছাড়া রয়েছে দুই লাখ ৫ হাজার ১৭৪টি ছাগল ও ৫৫ হাজার ৬৯৭টি ভেড়া।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ‘সরকারি নানা উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রান্তিক গৃহস্থ পর্যায়ে গবাদি পশুর লালন-পালনসহ স্থানীয় খামারগুলোতে উৎপাদন বেড়েছে। এবার চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদার তুলনায় যে ঘাটতি রয়েছে তা দেশের অভ্যন্তরীণ প্রাপ্যতা থেকে পূরণ হবে। ফলে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের খামারি এনাম বলেন, ‘কর্ণফুলীসহ চট্টগ্রামে গত এক বছরে অনেকগুলো নতুন পশুর খামার গড়ে উঠেছে। কাজেই কোরবানিতে এবার পশুর কোনও সংকট হবে না।'
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।