দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা রেস্তোরাঁ মালিকদের

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৫:৩৭ সকাল
পঠিত : ৪৫
চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা রেস্তোরাঁ মালিকদের

ছবি

Degchibarictg

কমিশন, অতিরিক্ত চার্জ ও একতরফা ব্যবসায়িক নীতিমালার প্রতিবাদে চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রেস্তোরাঁ মালিকেরা। দাবি পূরণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলেন, ফুডপান্ডার কমিশন কাঠামো, বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ এবং একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে রেস্তোরাঁ পরিচালনার ব্যয় বাড়ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়ছেন। বিক্রির অর্থ থেকে কমিশন ও অন্যান্য খরচ বাদ দেওয়ার পর প্রকৃত আয় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তাঁরা জানান, এসব বিষয়ে আপত্তি জানিয়ে ফুডপান্ডাকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রেস্তোরাঁ মালিকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ থাকলেও অতিরিক্ত কমিশন ও চার্জের কারণে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না। বরং এসব ব্যয়ের চাপ শেষ পর্যন্ত খাবারের দামেও প্রভাব ফেলতে পারে।

সংগঠনটির নেতারা কমিশন ও অন্যান্য চার্জের কাঠামো পুনর্বিবেচনা, আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা এবং রেস্তোরাঁ মালিকদের জন্য ন্যায্য ব্যবসায়িক পরিবেশ তৈরির দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে গত ২ অক্টোবর ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে ৫ অক্টোবর থেকে চট্টগ্রাম নগরের ছোট-বড় রেস্তোরাঁয় প্ল্যাটফর্মটির সেবা বর্জনের ঘোষণা দিয়েছিল সমিতি। এবার নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না আসায় সেই কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত জানালেন রেস্তোরাঁ মালিকেরা।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।