দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ভবন থেকে ফেলে শিক্ষার্থী সাজিদ হত্যা,আসামি অনিক গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
পঠিত :
চট্টগ্রামে ভবন থেকে ফেলে শিক্ষার্থী সাজিদ হত্যা,আসামি অনিক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানায় দায়ের করা বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ (১৭) হত্যা মামলার পলাতক আসামি অনিক দাসকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার অনিক দাস আনোয়ারা উপজেলার কৈনপুরা গ্রামের যীশু দাসের ছেলে।

 

র‌্যাব-৭ জানায়, নিহত সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।

 

গত ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন সাজিদ। তারা ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে ভবনের অষ্টম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস আনোয়ারা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানার সরকারহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।