দক্ষিণ পূর্ব

যানজট নিরসনে চউকের অভিযান

চট্টগ্রামে স্কুল ও সুপারশপকে ৫০ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০১:৫৭ দুপুর
পঠিত : ৪১
চট্টগ্রামে স্কুল ও সুপারশপকে ৫০ লাখ টাকা জরিমানা

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরে যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একই অভিযানে বিভিন্ন বিষয়ে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চউক।

চউক সূত্রে জানা গেছে, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।

চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এ জরিমানা করেন। এর মধ্যে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবনমালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরে চউক। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

চউকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব কার্যক্রমের কারণে সৃষ্ট যানজট কমানো এবং পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা। এসব প্রতিষ্ঠানের সামনে যানবাহন চলাচল ও সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে পরিদর্শন ও তদারকি করা হচ্ছে।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনমালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।