দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৩:১৭ দুপুর
পঠিত : ৩৮
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি প্রতিনিধি দল বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে।

সকালে প্রতিনিধি দলটি বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। পরে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক উন্নয়ন ও অর্জন তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। তিনি জানান, অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে বন্দরের কার্যক্রম পেপারলেস করা, পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও পণ্য ডেলিভারির ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টিও তুলে ধরা হয়।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল চট্টগ্রাম বন্দরের সঙ্গে তাঁর দেশের ঐতিহাসিক বাণিজ্যিক ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় প্রতিনিধি দলে থাকা ডাচ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

পরে প্রশ্নোত্তর পর্বে ড্রেজিং, লজিস্টিকস ও টার্মিনাল পরিচালনাসহ বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে।

দ্বিপক্ষীয় বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।