দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালত

আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর অংশবিশেষ লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা জনস্বার্থ মামলায় হাইকোর্ট এর আগে একাধিক দফা নির্দেশনা দেন। ওই রায়ে জরিপ অনুযায়ী কর্ণফুলী নদী সংরক্ষণ ও রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

তবে সেই নির্দেশনা অমান্য করে জরিপে নদী হিসেবে চিহ্নিত কর্ণফুলী নদীর একটি অংশ চট্টগ্রাম সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম পোর্ট অথরিটি—এমন অভিযোগের ভিত্তিতেই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

রুলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, সদস্য মো. শহিদুল আলম, সদস্য কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রায়হান উদ্দিনকে আদালতের নির্দেশ অমান্য করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া হাইকোর্ট অপর এক আদেশে ফিরিঙ্গি বাজার মৌজার বি আর এস দাগ নম্বর ৬০১-এর জমি সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।