দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড, এক জাহাজেই ১,৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্য

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
পঠিত :
চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড, এক জাহাজেই ১,৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্য

ছবি: চট্টগ্রাম বন্দর


চট্টগ্রাম বন্দরে এক জাহাজে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণে নতুন রেকর্ড হয়েছে। এবার একটি জাহাজে ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের জাহাজ 'এমভি মার্স্ক বিনতুলোতে' এসব কনটেইনার তোলা হয়। বন্দরের ইতিহাসে একসঙ্গে কোনো জাহাজে এত বেশি রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের ঘটনা এটাই প্রথম।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এক জাহাজে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণে এটি বন্দরের নতুন রেকর্ড।

এর আগে গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ১ হাজার ৪৩৯ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের রেকর্ড হয়েছিল। মাত্র ৫৫ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হলো। আগের তুলনায় এবার ৩৪৫ টিইইউএস বেশি রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।

এমভি মার্স্ক বিনতুলোতে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের পাশাপাশি আরও ১৪৭ টিইইউএস খালি কনটেইনার তোলা হয়। সব মিলিয়ে জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।

বন্দর কর্মকর্তাদের মতে, এক জাহাজে বিপুলসংখ্যক রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের এই রেকর্ড দেশের রপ্তানি বাণিজ্যের সক্ষমতা এবং চট্টগ্রাম বন্দরের অপারেশনাল দক্ষতার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।


জেএফআই /দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।