দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং: কাস্টমস কর্মবিরতি ও সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ৪ শতাংশ

shakhawat sohan
প্রকাশ : ১ জুলাই ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং: কাস্টমস কর্মবিরতি ও সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ৪ শতাংশ
দক্ষিণপূর্ব ডেস্ক

কাস্টমস কর্মকর্তাদের কয়েকদফা কর্মবিরতি ও বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও দেশের প্রধান বাণিজ্যিক বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে বেড়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। সংশ্লিষ্টরা একে অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন।

মঙ্গলবার (১ জুলাই) সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। এই হিসাবে কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ০২ শতাংশ।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বছর শেষ হওয়ার আগেই আমরা আগের বছরের রেকর্ড অতিক্রম করেছি। কাস্টমসের কর্মবিরতি ও বৈশ্বিক নানা প্রতিবন্ধকতার মাঝেও এ অর্জন অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সংকট না থাকলে হ্যান্ডলিং আরও বাড়তে পারত।’

তিনি আরও জানান, শুধু কন্টেইনার নয়, খোলা পণ্য বা কার্গো হ্যান্ডলিং ও বন্দরে জাহাজ আগমনের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে মোট ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ০৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে মোট জাহাজ এসেছে ৪ হাজার ৭৭টি। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ৩ হাজার ৯৭১টি।

চট্টগ্রাম বন্দরের এ অর্জনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, কাস্টমস, শিপিং এজেন্ট, টার্মিনাল অপারেটর এবং বেসরকারি স্টেকহোল্ডারদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। সেখানে অব্যাহত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 সূত্র: বিডিনিউজ২৪

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।