দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, ২০ আগস্ট থেকে পরীক্ষা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬
পঠিত :
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, ২০ আগস্ট থেকে পরীক্ষা

ছবি সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০২৬ সালের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত লিখিত পরীক্ষাগুলো শুরু হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও জারি করেছে বোর্ড।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড প্রয়োজনে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

 

সংশোধিত রুটিন অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

 

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর ।

 

পরবর্তী ধাপে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে।

 

প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হবে।

 

এদিকে ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।