চট্টগ্রামের ফটিকছড়ি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী বৈধতা নিয়ে চলমান আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। তার প্রার্থিতা ও নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপিল বিভাগের নির্দেশনার পর মামলাটি পূর্বে রুল জারি করা হাইকোর্ট বেঞ্চেই চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ফলে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি জানান, রিট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেট প্রকাশ স্থগিত থাকবে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটির দ্রুত শুনানি অনুষ্ঠিত হবে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট আইনজীবী সূত্রগুলো জানিয়েছে, রিট মামলার নিষ্পত্তির আগে নির্বাচনী বৈধতা, গেজেট প্রকাশ কিংবা শপথ গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে না। ফলে ফটিকছড়ি আসনের নির্বাচনী ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে অপেক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। আদালতের রায়ের ওপরই নির্ভর করছে আসনটির নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।