দক্ষিণ পূর্ব

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ছবি: বিএনপির মিডিয়া সেল

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান মুফতি রেজাউল করীম। এ সময় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতেই এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিবেশ নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে বিভিন্ন স্থানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিন্ন দল ও মতের সবার সহযোগিতা কামনা করেন বিএনপি চেয়ারম্যান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসন পায়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি ছয়টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করে।

সাক্ষাতের সময় আমিরের বাসভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।