মনোরেল প্রকল্পের একটি সমঝোতা চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। বিদেশি দুই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের দাবি করা ব্যক্তির সঙ্গে করা ওই চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।
বুধবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুমোদনে জারি করা এক অফিস আদেশে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়। চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা আদেশ কার্যকর হয়েছে একই দিন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চুক্তি বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।’
চসিক সূত্র জানায়, গত ২২ জুন ঢাকাস্থ মিসরীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) পাঠানো এক চিঠিতে জানায়, কাউছার আলম চৌধুরী নামে যে ব্যক্তি নিজেকে ওরাসকম ও দি আরব কন্ট্রাক্টরসের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছিলেন, তিনি ওই প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত প্রতিনিধি নন। পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চসিককে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই শেষে মেয়র আগের সমঝোতা চুক্তি বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘Arab Contractors-Orascom Peninsula Consortium’-এর প্রতিনিধি দাবি করে কাউছার আলম চৌধুরীর সঙ্গে ২০২৫ সালের ২৪ জুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে মিসরীয় দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের অনুমোদিত প্রতিনিধি নন বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বার্থে ওই সমঝোতা চুক্তি বাতিল করা হলো।
উল্লেখ্য, প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবিত মনোরেল প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়।
আর এইচ/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।