দক্ষিণ পূর্ব

চাকসু নির্বাচনের আমেজ, প্রার্থীদের দৌড়ঝাঁপ

shakhawat sohan
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চাকসু নির্বাচনের আমেজ, প্রার্থীদের দৌড়ঝাঁপ

চবি প্রতিবেদক 

অনেক দিন ধরেই নিস্তব্ধ ছিল ক্যাম্পাসের রাজনৈতিক আঙিনা। শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণের যে মঞ্চ, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বা চাকসু, ছিল অস্তিত্বহীন। তবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের বাতাসে বইছে নতুন এক আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোচনায় এসেছে চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন তাদের পরবর্তী প্রতিনিধি? কে ধরবেন নেতৃত্বের হাল? ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে শুরু করে ক্যান্টিন, লাইব্রেরি, আবাসিক হল—সবখানেই এখন নির্বাচনের হাওয়া। শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে একটি কার্যকর ছাত্র সংসদের, যা তাদের কণ্ঠস্বর হবে।


চাকসু নির্বাচনে বেশ কয়েকটি প্যানেল, জোট এবং স্বতন্ত্র প্রার্থীর তথ্য ইতোমধ্যে উঠে এসেছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন মোড় এসেছে। এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অনেক নেতাই এবার নির্বাচনের মূল আলোচনায়।


এবার দেখে নেওয়া যাক, কোন প্যানেল থেকে কারা আলোচনায় রয়েছেন। ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে আলোচনায় আছেন ইব্রাহিম হোসেন রনি এবং সাঈদ বিন হাবিব। জুলাই আন্দোলনে তাদের সক্রিয়তা শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের পরিকল্পনা করছেন, যেখানে নারী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরাও প্রতিনিধিত্ব করবে।


জাতীয়তাবাদী ছাত্রদলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তার পাশাপাশি আলোচনায় আছেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং নুজহাত জাহান।


এছাড়া জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া একদল শিক্ষার্থী ও সামাজিক অ্যাক্টিভিস্ট মিলে স্বতন্ত্র প্যানেল গঠন করছেন। মাহফুজুর রহমান এবং রশিদ দিনার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়। 


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবার জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। ভিপি পদে লড়বেন ঋজু লক্ষী অবরোধ এবং জিএস পদে থাকবেন ইফাজ উদ্দিন আহমেদ।


গণতান্ত্রিক ছাত্র সংসদের মুনতাসির মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের তামজিদ উদ্দিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের আবদুর রহমান রবিন—এঁরাও নিজেদের প্যানেল থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।ইতিমধ্যে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিতরণ। চলবে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত। এরপর যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব কে হবে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। কে জেতে আর কে হারে, সে উত্তর দেবে ব্যালট বাক্স।


সবার চোখ এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে। তারা কি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে? আর শিক্ষার্থীরাই বা কাকে বেছে নেবে তাদের আগামী দিনের নেতৃত্ব হিসেবে? সময়ই বলে দেবে। তবে, দীর্ঘ প্রতীক্ষার পর চবি ক্যাম্পাসে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, তা অনস্বীকার্য।


এসএস


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।