নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোরশেদুল আলম অভি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হলে অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মোরশেদুল আলম অভিসহ ১২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়ের হওয়া জুলাই মাসের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মোরশেদুল আলম অভির বিরুদ্ধে পটিয়া থানায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।