দক্ষিণ পূর্ব

চায়না ইকোনমিক জোনে শিল্পায়নের নতুন দিগন্ত

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৫:১৩ বিকাল
পঠিত : ৫
চায়না ইকোনমিক জোনে শিল্পায়নের নতুন দিগন্ত

ছবি : দক্ষিণপূর্ব

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৮০০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামোসহ মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের শিল্পায়ন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যৌথভাবে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার যে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে, এই প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামোগত সবকিছু বিবেচনায় নিলে মোট বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না; পুরো অঞ্চলের অর্থনীতি, সাপ্লাই চেইন ও শিল্প খাত ইতিবাচকভাবে উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশেই বিনিয়োগ করতে চান। জানমালের নিরাপত্তা নিয়ে সামান্য শঙ্কা থাকলেও বিদেশি তো বটেই, দেশীয় উদ্যোক্তারাও বিনিয়োগে নিরুৎসাহিত হন।

 

তিনি বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং প্রকল্প এলাকায় নিরাপদ বিনিয়োগ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়েন। বক্তব্য দেন চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন। তারা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।