দক্ষিণ পূর্ব

চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন ‘মানবিক ডিসি’ জাহিদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ জুন ২০২৬
পঠিত :
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন ‘মানবিক ডিসি’ জাহিদ

ছবি : সংগৃহীত

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। একই সঙ্গে চিকিৎসা ও জীবিকা সংকটে থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ অসহায় মানুষের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

 

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাঁদের সমস্যা ও আবেদন তুলে ধরেন। এ সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন প্রবাসীও অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন অভিযোগ ও আবেদন জানান। গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

 

গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার এক শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর বাবা শাহ আলম একজন ক্ষুদ্র চা বিক্রেতা। পরিবারের সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।

 

শিক্ষার্থী আরও জানান, গত বছরও তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তবে মাত্র ১০ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এবারও একই পরিস্থিতির মুখোমুখি হয়ে জেলা প্রশাসকের সহায়তা চান তিনি।

 

বিষয়টি শুনে জেলা প্রশাসক তাঁর উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এদিকে পটিয়া উপজেলার ধলঘাট এলাকার বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে গণশুনানিতে উপস্থিত হন। হৃদরোগ, কিডনিতে পাথর ও ডায়াবেটিসে আক্রান্ত এই মুক্তিযোদ্ধার হার্টে জরুরি ভিত্তিতে রিং পরানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। বিষয়টি শুনে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

গণশুনানিতে প্রতিবন্ধী নারী সানজিদা চৌধুরী স্তনের লাম্প অপারেশনের জন্য আর্থিক সহায়তা চান। স্ট্রোকে আক্রান্ত ছানোয়ারা বেগম চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতার কথা জানান। স্বামীর পরিত্যক্ত নুরুন্নাহার বেগম জীবিকা নির্বাহে সহায়তা প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত আবুল বশর মোহাম্মদ গোলাম রব্বানী নিয়মিত স্পিচ থেরাপি চালিয়ে যেতে না পারার বিষয়টি তুলে ধরেন।

 

এ ছাড়া মাদ্রাসা শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ ইদ্রিছ জরাজীর্ণ বসতবাড়ি সংস্কারের জন্য এবং সাবেক হিফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ আবুল হোসেন ছোট ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা কামনা করেন।

 

অনলাইনে যুক্ত হয়ে সৌদি আরবপ্রবাসী মো. শওকত মিয়া তাঁর আমানত রাখা ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল আত্মসাতের অভিযোগ করেন। ইউএইপ্রবাসী মোহাম্মদ আবুল কালাম পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ জানান। একই দেশ থেকে যুক্ত হওয়া মোহাম্মদ হোসেন বকেয়া বেতন না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রপ্রবাসী মোরশেদ পারভেজ পারিবারিক কবরস্থান নির্মাণের জন্য আংশিক ভরাট একটি পুকুর সম্পূর্ণ ভরাটের অনুমতি চান।

 

গণশুনানিতে উপস্থাপিত প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি মানবিক সহায়তার আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ ও প্রবাসীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের কাছে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।

 

আর এইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।