চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ের কারণে বর্তমানে সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানান।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী। বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক আসাদ ইফতেখার।
সভায় চেম্বারের পরিচালক আফসার হাসান চৌধুরী (জসিম), মো. জাহিদুল হাসান, এ.এস.এম. ইসমাইল খান ও মো. সেলিম নুর বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ সালামত আলী, সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, সদস্য নজরুল ইসলাম মামুন, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিপনী বিতান বণিক সমিতির সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, ফিনলে সাউথ সিটি দোকান মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি হাজী মো. সফি ও সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম বেকারি মালিক সমিতির সভাপতি কে.এম. মামুন রাজা, ফিনলে স্কয়ার শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিয়া মো. খালেদ (জুয়েল), কামাল বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, গোলাম রসুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আকবর, আক্তারুজ্জামান সেন্টার দোকান মালিক সমিতির সহ-সভাপতি সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক মাহবুব কামাল এবং সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আবদুল গফুর পাটওয়ারী।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ও চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারের সঙ্গে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা ও দাবি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কেট খোলা রাখার যে সিদ্ধান্ত কার্যকর রয়েছে, তার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের দাবিটি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, ব্যবসায়ীদের দেওয়া কর ও ভ্যাট দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এসব রাজস্বের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে, যার সুফল ভোগ করে দেশের সাধারণ মানুষ। তাই ব্যবসায়ীদের সমস্যা ও সংকট নিরসনে সরকারের আরও আন্তরিক হওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা, বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানি এবং ব্যবসায়িক সংকটের বিষয় তুলে ধরেন। তারা অতীতের মতো চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্যবসায়ী নেতারা বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ করার কারণে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ ঋণের কিস্তি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়ছেন। সাধারণত সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ে এবং ব্যবসা জমে ওঠে। তাই বর্তমান সময়সূচি পরিবর্তন করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানান তারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।