দক্ষিণ পূর্ব

চুয়েটে উপাচার্যকে বয়কট ঘোষণা করে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৮:৩৩ সকাল
পঠিত : ৫৯
চুয়েটে উপাচার্যকে বয়কট ঘোষণা করে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘বয়কট’ ঘোষণা করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে তাঁরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা হয়। সভায় অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।মিছিল থেকে ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের মতামত ও দাবি উপেক্ষা করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।’এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে জরুরি সাধারণ সভা করছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শেষে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে শিক্ষার্থীরা জানান, ক্লাস-পরীক্ষা চালু হলেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তাঁদের আন্দোলন চলবে।আন্দোলনকারীদের দেওয়া তালা এখনো প্রশাসনিক ভবনে ঝুলছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রকল্পের অর্থছাড়, যানবাহনের বিল পরিশোধসহ প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। এমনকি ভর্তি পরীক্ষা আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।