দক্ষিণ পূর্ব

চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস সহনীয় রাখতে চাই: ধর্ম উপদেষ্টা

RAFIQ HYDER
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
পঠিত :
চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস সহনীয় রাখতে চাই: ধর্ম উপদেষ্টা

দক্ষিণ পূর্ব ডেস্ক 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছেন। আমরাও আমাদের সম্পদের হিসাব ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি৷ এমনকি আমার তিন ছেলে, তিন মেয়ে, আমার স্ত্রী তাদের কার কী আছে; তাও সরকারের ফর্মা অনুযায়ী দিয়েছি৷ আমরা আশাবাদী যতদিন ক্ষমতায় থাকবো, আমাদের সম্পত্তি বাড়বে না বরং কমবে।' 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ পরিদর্শন শেষে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 মসজিদ সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। বক্তব্য দেন উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস, এসও জসিম উদ্দিন, ঠিকাদার ফরিদুজ্জামান মিশু প্রমুখ। 

ড. আ ফ ম খালিদ হোসেন মডেল মসজিদ সম্পর্কে বলেন, 'দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা খরচ করে। মসজিদ যতো বৃদ্ধি পাবে মুসল্লিও বৃদ্ধি পাবে৷ আমরা যদি মানুষকে নামাজি বানাতে পারি তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। সমাজে চুরি, ডাকাতি রাহাজানি, ছিনতাই, সন্ত্রাস এসব যুগ যুগ ধরে ছিলো, আছে। আমরা এসব সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি৷ আইনশৃঙ্খলা বাহিনীও এটা নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।'         

এর আগে ধর্ম উপদেষ্টা দুপুর দেড়টার দিকে মডেল মসজিদে ইমামতি করেন জোহরের নামাজে। এরপর মসজিদের কাজ দেখে সন্তুোষ প্রকাশ করেন৷ 

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, উপজেলার ইছাখালী ও গোডাউন এলাকার মাঝামাঝি জায়গায় একদিকে কাপ্তাই সড়ক এবং অন্যদিকে কর্ণফুলী নদীর পাড়বেষ্টিত ৪৩ শতক জায়গার ওপর তিন তলাবিশিষ্ট মডেল মসজিদটি নির্মিত হয়। ২০২০ সালের দিকে নির্মাণকাজ শুরু হলেও করোনাসহ নানা প্রতিবন্ধকতায় সম্প্রতি কাজটি শেষ হয়৷ বি ক্যাটাগরির এই মসজিদ ১৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।