নিজস্ব প্রতিবেদক
রাউজানে দেশীয় তৈরি ১৩ লিটার চোলাই মদসহ বিপ্লব মজুমদার (৪২) নামে এক টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াপাড়া ডিগ্রী কলেজের সামনে পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত- বিপ্লব মজুমদার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং পূর্ব বারখাইন ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার সন্দু সাধুর বাড়ীর মৃত অজিত মজুমদারের ছেলে। তিনি একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে চট্টগ্রামে কর্মরত।
জানা যায়, বিপ্লব মজুমদার নামে চট্টগ্রাম-ফটিকছড়ি রুটে শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করে।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোছাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রী কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করলে মোটরসাইকেল করে যাওয়া আসামী বিপ্লব মজুমদারকে পুলিশ থামায়। এসময় তার হেফাজতে কি আছে জানতে চাইলে সে সন্দেহজনক ও এলোমেলো কথাবার্তা বলতে থাকে। উপস্থিত সাক্ষীদের সামনে বিপ্লব মজুমদারের দেহ ও হেফাজতে থাকা মোটরসাইকেল তল্লাশি করলে তার কাঁধে থাকা ব্যাগ ও ব্যবহৃত মোটর সাইকেলের পিছনের হুকে লাগানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।