দক্ষিণ পূর্ব

মাদক কারবারীদের হাতে নিহত ছাত্রদল নেতা অভির নাম সড়ক করবেন চসিক মেয়র

mainulislam
প্রকাশ : ২৬ জুন ২০২৫
পঠিত :
মাদক কারবারীদের হাতে নিহত ছাত্রদল নেতা অভির নাম সড়ক করবেন চসিক মেয়র
নিজস্ব প্রতিবেদক:

আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা মীর সাদিক অভির স্মরণে সড়ক নামকরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরের থিয়েটার ইন্সটিটিউটে মীর অভি স্মৃতি সংসদ আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসানের পরিচালনায় স্বরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, ত্যাগীরা কখনো মরে না। তারা মানুষের অন্তরে বেঁচে থাকে। মীর অভি শুধু একজন রাজনৈতিক কর্মী নয়, সে ছিল একজন প্রতিবাদী, নির্যাতনের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর। তার মতো তরুণদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমরা চট্টগ্রামের একটি সড়ক তার নামে নামকরণ করবো। তিনি বলেন, অভি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মাথা নত করেনি, তা তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। যারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকারের পক্ষে কথা বলে রাজপথে নেমেছে, তারা নিঃসন্দেহে ইতিহাসে বেঁচে থাকবে।

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিল অভি। মাদকবিরোধী নানামূখী ভূমিকার কারণে সে সর্বমহলে পরিচিত ছিল। অভি একজন সাহসী যোদ্ধা ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। অভির হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। অভির মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেলেও হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তার খুনি সন্ত্রাসীরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মীর সাদিক অভির মা শিরিন আকতার, অভির সহধর্মিণী ফারিয়া সুলতানা অহনা ও একমাত্র কন্যা মীর নুর তাজ আলিজা। 

বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।