দক্ষিণ পূর্ব

ছাত্র-গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা: বিবিসি'র অনুসন্ধান

shakhawat sohan
প্রকাশ : ৯ জুলাই ২০২৫
পঠিত :
ছাত্র-গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা: বিবিসি'র অনুসন্ধান
দক্ষিণপূর্ব ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা —এমন তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া একটি ফোনালাপ থেকে।

অনুসন্ধানী প্ল্যাটফর্ম বিবিসি আই দাবি করেছে, তারা এই ফোনালাপের সত্যতা যাচাই করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্তে শত শত ভিডিও, ছবি ও দলিল পর্যালোচনা করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে একটি ঘটনায় পুলিশের গুলিতে অন্তত ৫২ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ প্রায় ৩০ মিনিট ধরে পিছু হটতে থাকা বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। প্রথম দিকে নিহতের সংখ্যা ৩০ বলে দাবি করা হলেও সিসিটিভি, ড্রোন ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর ভিডিও বিশ্লেষণ করে তা আরও ভয়াবহ রূপে ধরা পড়ে।

এ ঘটনার পর প্রতিশোধ হিসেবে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় আগুন ধরিয়ে দিলে ৬ জন পুলিশ সদস্যও নিহত হন। পুলিশ জানিয়েছে, ওই সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬০ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একজন মুখপাত্র বলেন, কিছু সদস্য অতিরিক্ত বলপ্রয়োগ করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

বিবিসি আই আরও জানিয়েছে, অভ্যুত্থানকালে সেনাবাহিনীর একটি দল শুরুতে পুলিশকে বিক্ষোভকারীদের থেকে আলাদা করে রাখলেও পরে তারা সরে যাওয়ার পরই পুলিশ গুলি চালানো শুরু করে।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা, উসকানি, এবং মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত এখনো তাকে দেশে ফেরত পাঠায়নি।

আওয়ামী লীগ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, সেই সময়কার সিদ্ধান্তগুলো ‘সদিচ্ছা ও প্রাণহানি কমানোর লক্ষ্যে’ নেওয়া হয়েছিল। তারা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ও তার সরকারের কিছু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল।

বর্তমানে বাংলাদেশ চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে, যিনি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তবে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।


এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।