দক্ষিণ পূর্ব

ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল গৃহবধূর, পুকুর থেকে উদ্ধার মরদেহ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:৩৯ দুপুর
পঠিত : ৩৭
ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল গৃহবধূর, পুকুর থেকে উদ্ধার মরদেহ

ছবি

Degchibarictg
 মিরসরাইয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত প্রিয়াঙ্কা দাশ উত্তর আমবাড়িয়া এলাকার দাস বাড়ির পলাশ দাশের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। সোমবার সকালে পুকুরে গোসল করতে নামলে ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। একপর্যায়ে তিনি পুকুরে পড়ে যান।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা না করার কথা জানিয়েছে পরিবার।

এদিকে, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাঁদের অফিসে কোনো অভিযোগ আসেনি। কয়েকজন গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে ফোন করেছিলেন। তবে বিভিন্ন কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

তিনি আরও বলেন, সোমবার সকালে ফোনে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।