দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে গোলাগুলিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

RAFIQ HYDER
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫
পঠিত :
জঙ্গল সলিমপুরে গোলাগুলিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার
দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনজাহিদ (৩৫), জয়নাল (৩২) ও জিহাদ (৪০)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গত শুক্রবার রাতে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে একজন নিহত ও অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেকে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, আটটি শর্টগানের গুলি, দুটি পিস্তল ম্যাগাজিন, একটি চাপাতি, একটি লোহার হাতুড়ি ও পিস্তলের তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা।

ওসি মজিবুর রহমান বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইয়াছিন গ্রুপ ও রোকন উদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে শুক্রবারের ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি। সিআইডিকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের স্বজনদের পাওয়া গেলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে। বর্তমানে গ্রেপ্তার তিনজন চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে মাদক ব্যবসা, জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে সংঘাত চলছে। গত মাসেও সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল। তবুও থামেনি সন্ত্রাসীদের দৌরাত্ম্য।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।